Arrest

বড়সড় অপরাধের ছক বানচাল, তাহেরপুরে আগ্নেয়াস্ত্র-সহ পুলিশের জালে গ্রেফতার চার দুষ্কৃতী

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃতরা কোনো সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গে যুক্ত।

গ্রেফতার চার জন দুষ্কৃতি।
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ০৩:০৩

নদিয়ার তাহেরপুরে পুলিশের সারপ্রাইজ অপারেশনে বড়সড় সাফল্য। গভীর রাতে আগ্নেয়াস্ত্র-সহ চার দুষ্কৃতীকে তাহেরপুর থানার পুলিশ গ্রেফতার করল। পুলিশের দাবি, ধৃতরা আনন্দনগর এলাকায় বড় ধরনের অপরাধ সংগঠিত করার ছক কষছিল। অভিযানে একটি লোডেড দেশি পিস্তল ও তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে তাহেরপুর থানার কাছে একটি গোপন ও নির্ভরযোগ্য খবর আসে। খবর ছিল, রানাঘাটের দিক থেকে একটি সাদা রঙের মালবাহী গাড়িতে করে কয়েকজন সশস্ত্র যুবক বিননগর এলাকার দিকে আসছে। তাদের লক্ষ্য ছিল আনন্দনগর এলাকায় কোনো বড়সড় অপরাধমূলক ঘটনা ঘটানো।

খবর পেয়েই তাহেরপুর থানার পুলিশ তৎপর হয়ে ওঠে। থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে বিননগর বড়বাজার এলাকায় নজরদারি শুরু হয়। নির্দিষ্ট গাড়িটি এলাকায় ঢুকতেই চারদিক থেকে পুলিশ সেটিকে ঘিরে ফেলে। আচমকা অভিযানে দুষ্কৃতীরা পালানোর সুযোগ পায়নি।

পুলিশ গাড়িটি আটক করে। তারপর তল্লাশি শুরু হয়। তখনই পেছনে বসে থাকা দুই যুবকের মধ্যে একজনের কাছ থেকে একটি লোডেড কান্ট্রিমেড পিস্তল উদ্ধার হয়। অন্য এক যুবকের কাছ থেকে দু’রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এরপর গাড়ির চালক ও তার পাশে বসে থাকা সহযোগী-সহ মোট চারজনকে পুলিশ গ্রেফতার করে।

ধৃতদের রাতেই তাহেরপুর থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সিজার লিস্ট ও অ্যারেস্ট মেমো তৈরি করে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃতরা কোনো সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গে যুক্ত। তাদের সঙ্গে আর কারা জড়িত। আনন্দনগরে ঠিক কী ধরনের অপরাধের পরিকল্পনা ছিল, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে তাহেরপুর থানার পুলিশ।


Share