Murder

দমদমে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে দাগী দুষ্কৃতী রাজা দত্তের রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

দেহে একাধিক গুলির চিহ্ন মিলেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল।

উত্তর দমদমে দাগী দুষ্কৃতী রাজা দত্তকে গুলি করে খুন।
নিজস্ব সংবাদদাতা, দমদম
  • শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৬ ১১:৫৫

উত্তর দমদমে দাগী দুষ্কৃতী রাজা দত্তকে গুলি করে খুন। সোমবার ভোরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। দেহে একাধিক গুলির চিহ্ন মিলেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। অতীতে একাধিক অপরাধমূলক মামলায় রাজার নাম জড়িয়েছে। পুলিশের নথিতে রাজা দাগী দুষ্কৃতী হিসেবেই পরিচিত ছিলেন।

রাজার মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার রহস্য উদ্ঘাটনে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই পাঁচ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে উত্তর দমদম পুরসভার খলিসাকোটা এলাকায় একটি গ্যারাজের পাশে রাজার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। রাজা বিরাটির বাসিন্দা ছিলেন। ঘটনায় তাঁর আরও দুই সঙ্গী গুরুতর আহত হয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজার দেহ উদ্ধার করে প্রথমে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাজা খুনের নেপথ্যে গোষ্ঠী সংঘর্ষ বা গ্যাংওয়ারের যোগ থাকতে পারে। ভোরবেলায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে বাইকে করে যাওয়ার সময় তিনি প্রতিপক্ষ গোষ্ঠীর সদস্যদের মুখোমুখি হয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। যদিও কী কারণে দু'পক্ষের মধ্যে বচসা বা সংঘর্ষের সূত্রপাত হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, রাজার কাছেও একটি অস্ত্র ছিল। অভিযুক্তরা খুব কাছ থেকে তাঁকে গুলি করে পালিয়ে যায়। তারা কোন পথ দিয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়েছে, তা জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ-সহ বিভিন্ন তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খলিসাকোটার ওই এলাকায় আগে থেকেই কয়েক জন দুষ্কৃতী ওত পেতে ছিল। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অভিযুক্তরা রাজার পূর্বপরিচিত। রাজা দুই সঙ্গীকে নিয়ে সেখানে পৌঁছোতেই তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়া হয়। এরপর তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে।

গুলি চলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমদম থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় রাজাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রের দাবি, রাজা দীর্ঘদিন ধরেই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। প্রাথমিক তদন্তে অনুমান, পুরনো কোনও শত্রুতা বা বিবাদের জেরেই এই গুলির ঘটনা ঘটতে পারে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (দক্ষিণ) শামীর আহমেদ।

স্থানীয় বিজেপি কর্মী অভিজিৎ চৌধুরী বলেন, ‘‘এখানে তৃণমূলের একটা পার্টি অফিস ছিল। সেখানে কিছু দুষ্কৃতী থাকত। আমরা খবর পাই, রাতে সেই অফিসে ভাঙচুর হয়েছে। কারা করেছে, জানি না। এখানে রাস্তার ধারে একটা বড় সরস্বতী পুজো হয়। সেখানেই রাজা দত্তকে খুন করা হয়েছে। তিনি এখানকার কুখ্যাত দুষ্কৃতী। পুলিশ এলাকা ঘিরে রেখেছে। তদন্ত চলছে। একটা দুষ্কৃতীদল এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে রেখেছে। জমি দখল, মারধর, ভাঙচুর, সব চলছে। ১৯ নম্বর ওয়ার্ড পুরোপুরি দুষ্কৃতীমুক্ত হোক, সেটাই চাই।’’


Share