TMC Leader

বারুইপুরে বৃদ্ধাশ্রমের কর্মীকে মারধরের অভিযোগ, থানার দ্বারস্থ মহিলা, নিশানায় কাউন্সিলার

বারুইপুর পুরসভা পরিচালিত একটি বৃদ্ধাশ্রমের কর্মীকে মারধর ও কাজ থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক কাউন্সিলারের বিরুদ্ধে। আক্রান্ত কর্মী কবিতা কয়াল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
নিজস্ব সংবাদদাতা, বারুইপুর
  • শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ০৫:৩৩

বারুইপুর পুরসভা পরিচালিত একটি বৃদ্ধাশ্রমে কর্মরত এক মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগের তির স্থানীয় এক কাউন্সিলারের বিরুদ্ধে। শুধু মারধরই নয়, তাঁকে কাজ থেকেও বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত কর্মীর নাম কবিতা কয়াল। তিনি সোমবার রাতে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, বারুইপুরের কীর্তনখোলা এলাকায় বৃদ্ধাশ্রমটি। কবিতা দীর্ঘদিন ধরে সেখানে রান্নার কাজ করতেন। ওই অঞ্চলের তৃণমূল কাউন্সিলার স্বপন সাহা। অভিযোগ, তিনি গত ১২ জুন স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে বৃদ্ধাশ্রমে যান। সেখানেই কবিতাকে মারধর করা হয়। পরে তাঁকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

ঘটনার পর কবিতা বিষয়টি পুরসভার আর এক তৃণমূল কাউন্সিলার কে জানান। তাঁর নাম মিতা দত্ত। অভিযোগ, সেখানেও তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এরপর তিনি আইনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন। বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

অভিযোগ প্রসঙ্গে কবিতা কয়াল বলেন, তাঁকে রান্নাঘরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছিল। তাঁর বিরুদ্ধে আবাসিকদের ঠিকমতো খাবার না দেওয়ার অভিযোগ তোলা হয়। তবে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে তিনি দাবি করেন। তাঁর কথায়, “আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত। তাই আমি থানায় অভিযোগ করেছি।”

যদিও এই অভিযোগ নিয়ে অভিযুক্ত কাউন্সিলার স্বপন সাহার কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।


Share