Body Recovery

নিউ টাউনে বস্তাবন্দি যুবকের দেহ উদ্ধার, মুখ থেঁতলানো, খুনের অভিযোগে তদন্তে পুলিশ

নিউ টাউনের স্বামীজিনগরে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হল এক যুবকের দেহ। সিসিটিভি ফুটেজে এক যুবককে কাঁধে করে দেহ এনে ফেলে যেতে দেখা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

উদ্ধার বস্তা বন্দি দেহ।
নিজস্ব সংবাদদাতা, নিউটাউন
  • শেষ আপডেট: ২২ আগস্ট ২০২৬ ০৩:৩৬

মুখ পুরো থেতলানো। নিউ টাউনে উদ্ধার এক যুবকের বস্তা বন্দি দেহ। স্বামীজিনগর এলাকায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে স্থানীয়রা দেহটি পড়ে থাকতে দেখেন। পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে ইকো পার্ক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সৌরভ বিশ্বাস। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। তবে তিনি কোথায় থাকতেন, তা এখনও জানা যায়নি। যুবকের মুখ থেঁতলানো অবস্থায় ছিল। শরীরের বিভিন্ন জায়গায় একাধিক ট্যাটু রয়েছে।

পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের সূত্রে খবর, ফুটেজে এক যুবককে কাঁধে করে ওই দেহ নিয়ে এসে এলাকায় ফেলে যেতে দেখা গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, অন্য কোথাও সৌরভকে খুন করা হয়েছে। তারপর তাঁর দেহ নিউটাউনের ওই এলাকায় এনে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে।

পুলিশের অনুমান, দু’ থেকে তিন দিন আগেই ওই যুবককে খুন করা হয়ে থাকতে পারে। তবে ঠিক কী কারণে এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি সিসিটিভি ফুটেজের ভিত্তিতে দেহ ফেলে যাওয়া যুবকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।


Share