TMC Worker

গোঘাটে দলীয় কার্যালয়ের পিছনে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

কোটা নকুন্ডা এলাকায় দলীয় কার্যালয়ের পিছন থেকে উদ্ধার হল তৃণমূল কর্মী সহদেব বাগের দেহ। শনিবার থেকে নিখোঁজ ছিলেন তিনি বলে দাবি স্থানীয়দের।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ১০ মে ২০২৬ ০৭:৪৭

দলীয় কার্যালয়ের পিছনে উদ্ধার হল তৃণমূল কর্মীর দেহ। হুগলির গোঘাটে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম সহদেব বাগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য চায়না বাগের স্বামী। তদন্ত শুরু করেছে পুলিশ। 

স্থানীয় বাসিন্দাদের দাবি, শনিবার থেকেই সহদেব বাগ নিখোঁজ ছিলেন। রবিবার সকালে এলাকার এক বাসিন্দা ফুল তুলতে গিয়েছিলেন। তখনই দলীয় কার্যালয়ের পিছনে একটি দেহ পড়ে থাকতে দেখেন। এর পরেই খবর ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে স্থানীয় মানুষজন ভিড় জমায়।

 ঘটনার খবর পেয়ে গোঘাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। কীভাবে এই মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে।


Share