BJP Worker Beaten

‘আমি পুলিশ কমিশনারের ঘনিষ্ঠ’, সিটি সেন্টারে বিজেপি কর্মীকে বেধড়ক মারধর, গ্রেফতার তৃণমূল কর্মী

ধৃতের নাম অরিন্দম অধিকারী ওরফে বাবাই। সূত্রের খবর, বিজেপি জেতার আনন্দে শোভনেন্দু শেঠ নামে এক কর্মী কয়েক জন বন্ধুকে নিয়ে খাওয়াদাওয়া করছিলেন। সেই সময় তাঁর ওপর চড়াও হয় বলে অভিযোগ উঠেছে।

ধৃতের নাম অরিন্দম অধিকারী ওরফে বাবাই।
নিজস্ব সংবাদদাতা, বিধাননগর
  • শেষ আপডেট: ১২ মে ২০২৬ ০৯:০৬

শপিং মলে ঢুকে বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। রবিবার বিধাননগরে সিটি সেন্টার মলে ঘটনাটি ঘটেছে। মারধরের সময় ওই তৃণমূল কর্মী নিজেকে বিধাননগরের পুলিশ কমিশনারের ঘনিষ্ঠ বলে পরিচয় দেয়। অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। 

ধৃতের নাম অরিন্দম অধিকারী ওরফে বাবাই। সূত্রের খবর, বিজেপি জেতার আনন্দে শোভনেন্দু শেঠ নামে এক কর্মী কয়েক জন বন্ধুকে নিয়ে খাওয়াদাওয়া করছিলেন। সেই সময় আচমকাই অরিন্দম চলে আসেন। শোভনেন্দু এবং বাবাই দু’জনেই একে অপরের চেনেন বলে জানা গিয়েছে। বিজেপি কর্মী শোভোনেন্দু অরিন্দমের কাছ থেকে প্রায় ১৪ লক্ষ টাকা পায়। তা চাইতেই অরিন্দম তাঁর ওপর চড়াও হন। এর পরেই বেধড়ক মারধর করে বলে অভিযোগ।

শোভনেন্দু শেঠের অভিযোগ, অরিন্দম নিজেকে বিধাননগরের পুলিশ কমিশনার ত্রিপুরারী অথর্বের ঘনিষ্ঠ বলে দাবি করে। বেশি কথা বললে গ্রেফতার করিয়ে দেওয়ারও হুমকিও দেয়। সূত্রের খবর, এই অরিন্দম অধিকারী নিয়োগ দুর্নীতির অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের একদা ঘনিষ্ঠ। পাশাপাশি তৃণমূলের প্রাক্তন বিধায়ক জাকির হোসেনেরও ঘনিষ্ঠ ছিল।

বিধাননগর উত্তর থানায় পরে গিয়ে শোভনেন্দু শেঠ অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে অরিন্দমকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাঁকে বিধাননগর আদালতে পেশ করানো হয়েছে। তদন্তের স্বার্থে আদালত তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। আগামী ১৪ মে আবার অভিযুক্তকে আদালতে হাজির করানো হবে। 

নির্বাচনে তৃণমূলের ভারাডুবি হয়েছে। বিজেপির কাছে বিপুল ভোটে পরাজয় হয়েছে। তার পরেও কমছে না দৌরাত্ম্য। ইতিমধ্যেই তিনজন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। বিভিন্ন ঘটনায় অন্তত ১০ জন জখম হয়েছেন। সেই রেশ কাটতে না কাটতেই আবার এক বিজেপি কর্মীকে মারধরের ঘটনা ঘটল।


Share