Secondary Examination

মাধ্যমিকের প্রথম দিনেই দুর্ঘটনা, বাসন্তীতে প্রশ্নপত্র বোঝাই গাড়ি উল্টে আহত দুই পুলিশকর্মী

প্রশাসনের তৎপরতায় প্রশ্নপত্র নিরাপদে উদ্ধার করে সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ায় পরীক্ষার্থীদের কোনও অসুবিধা হয়নি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বাসন্তী
  • শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১৪

মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই বাসন্তীতে ঘটে গেল দুর্ঘটনা। প্রশ্নপত্র বহনকারী একটি গাড়ি বাসন্তীর আমঝাড়া বাজার সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। বাসন্তী থানা থেকে পরীক্ষা কেন্দ্র চড়াবিদ্যা রামকৃষ্ণ বিদ্যামন্দিরে যাওয়ার পথেই এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় গাড়িতে থাকা দুই পুলিশ কর্মী আহত হন। তাঁদের মধ্যে একজন মহিলা পুলিশকর্মী রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ করেই গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। তার জেরেই এই বিপত্তি। আহতদের দ্রুত উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, দু’জনেরই অবস্থা বর্তমানে স্থিতিশীল। তাঁদের চিকিৎসা চলছে।

দুর্ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে সমস্ত প্রশ্নপত্র নিরাপদে উদ্ধার করা হয়। পরে বিকল্প ব্যবস্থার মাধ্যমে কড়া নিরাপত্তার মধ্যে প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। প্রশাসনের তৎপরতায় প্রশ্নপত্র সুরক্ষিত থাকায় সময়মতো কেন্দ্রে পৌছোনো সম্ভব হয়েছে। ফলে পরীক্ষার্থীদের কোনও সমস্যায় পড়তে হয়নি।


Share