Assault

অনিচ্ছাকৃত ভুলে নাবালককে উল্টো করে ঝুলিয়ে নির্যাতন, থানায় অভিযোগ দায়ের, পলাতক অভিযুক্ত

এক ব্যক্তির গায়ে লাঠির আঘাত লাগার জেরে এক নাবালককে উল্টো করে ঝুলিয়ে মারধরের অভিযোগ উঠেছে। নির্যাতনের ভিডিয়ো প্রকাশ্যে আসার পর পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা
  • শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ০৪:৪৭

বন্ধুদের সাথে খেলাধুলা করতে গিয়ে বিপত্তি। অনিচ্ছাকৃত ভুলের মাশুল হিসাবে অমানবিক নির্যাতনের শিকার হল এক নাবলক। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে ঘটনাটি ঘটেছে। খেলতে গিয়ে ভুলবশত এক যুবকের গায়ে লাঠির আঘাত লেগে যায়। ঘটনাকে কেন্দ্র করে ওই নাবালকের উপর নির্মম অত্যাচার চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি ‘এখন কলকাতা’। তবে ভিডিয়ো সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নাবালকের পরিবারের অভিযোগের ভিত্তিতে জয়নগর থানায় মামলা দায়ের হয়েছে। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার অরবিন্দকুমার আনন্দ জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়নগর থানার ধোষা-চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব চন্দনেশ্বর এলাকায় ঘটনাটি ঘটে। নির্যাতিত নাবালক স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। পরিবারের দাবি, ঘটনার দিন সে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছিল। সেই সময় অসাবধানতাবশত এক ব্যক্তির গায়ে লাঠির আঘাত লাগে। তিনি ওই এলাকারই স্থানীয় বাসিন্দা। ব্যক্তির নাম তপন হালদার। এরপরই তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযুক্ত ওই শিশুকে চুলের মুঠি ধরে টেনে নিজের বাড়িতে নিয়ে যান।

অভিযোগ, সেখানে নাবালকের দুই পা দড়ি দিয়ে বেঁধে তাকে ঘরের কড়িকাঠে উল্টো করে ঝুলিয়ে মারধর করা হয়। এমনকি পোশাক খুলিয়েও শারীরিক নির্যাতন চালানো হয়েছে বলে পরিবারের অভিযোগ।

পরিবারের দাবি, ঘটনার পর সে বাড়িতে ফেরে। আতঙ্কে সে কিছুই বলতে পারেনি। পরে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখে পরিবারের সন্দেহ হয়। এরপর একটি ভিডিয়ো তাদের হাতে আসে। পরিবারের অভিযোগ, সেই ভিডিয়োতে নির্যাতনের পুরো ঘটনা ধরা রয়েছে। 

তাঁদের আরও দাবি, ঘটনাস্থলে অভিযুক্তের পরিবারের সদস্য ও কয়েকজন স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যেই কেউ মোবাইলে সেই ভিডিয়ো রেকর্ড করেন। নাবালককে হুমকিও দেওয়া হয়েছিল যে, বাড়িতে বিষয়টি জানালে আরও অত্যাচার করা হবে।

ঘটনা প্রকাশ্যে আসার পর আহত নাবালককে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তার মাথার সিটি স্ক্যান ও বুকের এক্স-রে করা হয়েছে। পরিবারের দাবি, শারীরিক যন্ত্রণার কারণে সে এখনও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না। স্কুলেও যেতে পারছে না সে।

এই ঘটনার পর পরিবারের পক্ষ থেকে জয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। স্থানীয়দের দাবি, ঘটনার পর থেকেই অভিযুক্ত তপন হালদার এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন। তাঁর বাড়িতে তালা ঝুলছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পক্ষের বক্তব্যও নেওয়া হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Share