Drug Smuggling

বিহারে পাচারের আগেই মালদহে পুলিশের জালে দুই যুবক, উদ্ধার এক কেজি ৮০ গ্রাম ব্রাউন সুগার

পুলিশের দাবি, উদ্ধার হওয়া মাদক বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে গাড়িটিকে আটক করে তল্লাশি চালাতেই মাদকের হদিস মেলে। এরপরই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

আটক অভিযুক্ত।
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ২১ আগস্ট ২০২৬ ০৯:৪৭

মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল মালদহ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম তাহির শেখ (২৫) এবং শহীল শেখ (২০)।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে প্রায় এক কেজি ৮০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ১৫ থেকে ২০ লক্ষ টাকা। পাচারের কাজে ব্যবহৃত একটি চারচাকা গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশের দাবি, উদ্ধার হওয়া মাদক বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে গাড়িটিকে আটক করে তল্লাশি চালাতেই মাদকের হদিস মেলে। এরপরই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

ধৃতদের আদালতে পেশ করে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। এই মাদক পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত, মাদকের উৎস কোথায় এবং এর নেপথ্যে মূল মাথা কারা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। মালদহ থানার পুলিশের দাবি, মাদক পাচারের বিরুদ্ধে অভিযান আগামী দিনেও জারি থাকবে। এই চক্রের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Share