Arrest

চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ, দক্ষিণ দিনাজপুরে গ্রেফতার তৃণমূল জেলা নেতা মফিজউদ্দিন

অভিযোগ, পুলিশের কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিলেন তিনি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১১:৫৫

সরকার বদলের পর দুর্নীতির অভিযোগে অভিযুক্ত একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে গ্রেফতারি অভিযান শুরু হয়েছে। এ বার দক্ষিণ দিনাজপুরেও চাকরি দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক মফিজউদ্দিন মিয়া। অভিযোগ, পুলিশের কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিলেন মফিজ। এই ঘটনায় ২০২৫ সালের নভেম্বর মাসে গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন এক চাকরিপ্রার্থী।

পুলিশ সূত্রে খবর, মফিজউদ্দিন মিয়ার পাশাপাশি তাঁর এক ঘনিষ্ঠ সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে। প্রাক্তন মন্ত্রী বিপ্লব মিত্রর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন মফিজউদ্দিন।

এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তল জানান, চাকরি দুর্নীতি সংক্রান্ত একটি মামলার তদন্ত চলছিল। তদন্তে দু’জনের নাম সামনে আসে। তাঁদের মধ্যে একজনকে কুমারগঞ্জ থানা এলাকা থেকে এবং অন্য জনকে ফুলবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Share