Land Department

সরকার বদলাতেই অ্যাকশন! দু’বছর আগে বেআইনিভাবে ভরাট হওয়া পুকুর উদ্ধার পুরাতন মালদহে, চাপে মাটি মাফিয়ারা

অভিযোগ, প্রায় দু’বছর আগে প্রশাসনের নজর এড়িয়ে রাতের অন্ধকারে বেআইনিভাবে পুকুরটি ভরাট করে দেওয়া হয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ০৮:৪০

রাজ্যে সরকার পরিবর্তনের পর বেআইনি কাজ ও জলাশয় ভরাটের বিরুদ্ধে কড়া অবস্থান নিল পুরাতন মালদহ ভূমি ও ভূমি সংস্কার দফতর। বিশেষ অভিযানে প্রায় দু’বছর আগে অবৈধভাবে ভরাট হয়ে যাওয়া একটি বড় পুকুর পুনরুদ্ধার করল প্রশাসন। ঘটনাটি পুরাতন মালদহের সাহাপুর অঞ্চলের মোড়গ্রামে। প্রশাসনের এই পদক্ষেপ ঘিরে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় দুই বিঘা জমির উপর বিস্তৃত ওই এলাকায় একাধিক মালিকানা রয়েছে। আগে জায়গাটি ফার্মহাউস হিসেবে ব্যবহৃত হতো এবং মাঝখানেই ছিল একটি বড় পুকুর। অভিযোগ, প্রায় দু’বছর আগে প্রশাসনের নজর এড়িয়ে রাতের অন্ধকারে বেআইনিভাবে পুকুরটি ভরাট করে দেওয়া হয়। সেই সময় স্থানীয় স্তরে ক্ষোভ তৈরি হলেও কোনও পদক্ষেপ করা হয়নি। তবে সরকার পরিবর্তনের পর প্রশাসন সক্রিয় হয়ে ওঠে এবং বিশেষ অভিযান চালিয়ে পুকুরটি উদ্ধার করা হয়।

পুরাতন মালদহ ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক সৌমেন্দ্রনাথ সাহা জানান, সরকারি নিয়ম মেনেই পদক্ষেপ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

এদিকে, পুকুর পুনরুদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে পূর্বতন শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। বিজেপি পরিচালিত পুরাতন মালদহ পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী অভিযোগ করে বলেন, তৃণমূল সরকারের আমলে এলাকায় একাধিক পুকুর ও জলাশয় বেআইনিভাবে ভরাট করা হয়েছিল। বারবার অভিযোগ জানানো হলেও প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁর দাবি, এই ঘটনার সঙ্গে যুক্তদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে পুরাতন মালদহ ভূমি দফতরের এই পদক্ষেপকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রশাসনিক সূত্রে ইঙ্গিত, আগামী দিনেও বেআইনি জমি দখল ও জলাশয় ভরাটের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হতে পারে।


Share