Stabbing Over Eve-Teasing

ইভটিজিংয়ের প্রতিবাদেই নৃশংস হামলা! পুরাতন মালদহে দশম শ্রেণির ছাত্রীর গলায় ছুরির কোপ, পলাতক অভিযুক্ত

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দশম শ্রেণির এক ছাত্রীর গলায় ছুরির কোপ মারার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় ওই ছাত্রীকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ০৯:০২

পুরাতন মালদহে এক হাড় হিম করা ঘটনার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দশম শ্রেণির এক ছাত্রীর গলায় ছুরির কোপ মারার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম সুরজ মণ্ডল, পেশায় তিনি ইলেকট্রিক মিস্ত্রি। সোমবার রাতে পুরাতন মালদহ থানার অন্তর্গত সাহাপুর গ্রামপঞ্চায়েতের রায়পুর এলাকায় এই ঘটনাটি ঘটে। গুরুতর জখম অবস্থায় ওই ছাত্রীকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আক্রান্ত ছাত্রীর পরিবারের অভিযোগ, মেয়েটি টিউশন নিয়ে বাড়ি ফেরার সময় অভিযুক্ত তাকে আক্রমণ করে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই সুরজ মণ্ডল বিভিন্নভাবে মেয়েটিকে উত্যক্ত করতেন। সোমবার কোনও একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হওয়ার পরই এই হামলার ঘটনা ঘটে বলে অনুমান পরিবারের। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক বলে জানিয়েছেন ছাত্রীর বাবা। এমনকী মেয়ের মোবাইল ফোন নিয়ে সে পালিয়ে যায় বলেও অভিযোগ।

জানা গিয়েছে, আক্রান্ত ছাত্রী ইংরেজ বাজার ব্লকের একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী। অভিযুক্তের বাড়িও স্কুলের কাছাকাছি এলাকায়। টিউশন থেকে ফেরার পথে রাস্তায় হামলার ঘটনাটি ঘটে। ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুরাতন মালদহ থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।


Share