Abhishek Banerjee

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে উত্তেজনার ঘটনার কালীঘাট থানায় চারটি মামলা দায়ের, পুলিশকে হেনস্থার অভিযোগে ধৃত তিন জন

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কালীঘাটে থানায় বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছিলেন। তাবে সেই মামলায় এখনও কাউকেই পুলিশ গ্রেফতার করতে পারেনি।

অভিষেকের সঙ্গে পুলিশের বচসা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৬ ০৮:০৬

ডায়মন্ড হারবারে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের দিন কালীঘাটের বাড়ির সামনে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। সেই ঘটনায় এফআইআর দায়ের হয়েছে। তার মধ্যে স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশ এফআইআর করেছে। একটি এফআইআর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে দায়ের হয়েছে।

শুক্রবারের ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম— মহম্মদ তৌকির আলম, মহম্মদ এরশাদ এবং শ্রীদীপ দাস। তৌকির আলম এবং এরশাদ একবালপুরের বাসিন্দা। শ্রীদীপ বেহালার ঠাকুরপুকুর এলাকার বাসিন্দা। ধৃত তিন জনকেই রবিবার দুপুরের পরে আলিপুর আদালতে হাজির করানো হয়েছে। ধৃতদের আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধৃতেরা তিন জনই তৃণমূলকর্মী বলে জানা গিয়েছে।

গোলমালের ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে দু’টি মামলা দায়ের করেছে। দু’টি ক্ষেত্রেই ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর হয়েছে। একটি অভিযোগ জানিয়েছেন গুড়িয়া হরি নামে এক মহিলা। তিনি বিজেপির সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছে। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে কালীঘাট থানায় এফআইআর করেছেন। সেই মামলার ভিত্তিতে এরশাদ এবং তৌকির গ্রেফতার হয়েছে। শ্রীদীপ গ্রেফতার হয়েছে পুলিশের স্বতঃপ্রণোদিত একটি মামলার ভিত্তিতে। 

অন‍্য দিকে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কালীঘাটে থানায় বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছিলেন। তাবে সেই মামলায় এখনও কাউকেই পুলিশ গ্রেফতার করতে পারেনি। পুলিশের একটি সূত্রের দাবি, ঘটনার সময় আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তা দেখেই অন‍্য অভিযুক্তদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। 


Share