Minor Molestation

আইসক্রিমের লোভ দেখিয়ে দ্বিতীয় শ্রেণীর নাবালিকাকে ধর্ষণ প্রতিবেশীর, গ্রেফতার অভিযুক্ত

অভিযোগ, যুবক ধর্ষণের পর মেয়েটিকে তার বাড়ির সামনে ছেড়ে দিয়ে চলে যায়। মেয়েটিকে তিনি হুমকিও দেন। কাউকে কিছু বললে তার ক্ষতি হয়ে যাবে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া
  • শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ০২:২২

বছর সাতেকের একটি মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেফতার করা হয়েছে। বাঁকুড়ার জয়পুর থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। নির্যাতিতা দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

পুলিশ সূত্রে খবর, মেয়েটিকে আইসক্রিম খাওয়ানোর লোভ দেখানো হয়েছিল। মেয়েটি লোভের বশবর্তী হয়ে পড়ে। সেই সুযোগে অভিযুক্ত তাকে গ্রামের অদূরে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়েছিলেন। আর সেখানেই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে তার পরিবারের অভিযোগ। সোমবার ‘নির্যাতিতা’র পরিবারের তরফে থানায় অভিযোগ জমা পড়ে। তার পরেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। জয়পুর থানার পুলিশের তরফে মঙ্গলবার বিষ্ণুপুর মহকুমা আদালতে তাঁকে হাজির করানো হয়। পাশাপাশি আদালতে ‘নির্যাতিতা’র গোপন জবানবন্দি নেওয়ার আবেদন জানানো হয়েছে।

পরিবার সূত্রে খবর, ঘটনাটি রবিবারের। সে দিন দুপুরে গ্রামের আটচালায় মেয়েটি কীর্তন শুনতে গিয়েছিল। সেখানে মেয়েটির সঙ্গে প্রতিবেশী এক যুবকের দেখা হয়। আইসক্রিম কিনে দেবে বলে মেয়েটিকে তিনি নিজের বাইকে ওঠান। কিন্তু আইসক্রিম দোকানে না গিয়ে ওই যুবক নাবালিকাকে গ্রামের অদূরে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। অভিযোগ, যুবক ধর্ষণের পর মেয়েটিকে তার বাড়ির সামনে ছেড়ে দিয়ে চলে যায়। মেয়েটিকে তিনি হুমকিও দেন। কাউকে কিছু বললে তার ক্ষতি হয়ে যাবে। মেয়েটিও বাড়িতে ফিরে কাউকে কিছু বলেনি। কিন্তু নাবালিকা সোমবার অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে পড়ে। তখন সে বাবা-মাকে পুরো ঘটনার কথা জানায়। তারপর পরিবারের তরফে জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।

এখন ওই নাবালিকা বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। নির্যাতিতার বাবা বলেন, ‘‘কতটা পাশবিক হলে সাত বছরের মেয়ের সঙ্গে এমন ঘৃণ্য কাজ করা যায়! আমি দোষীর ফাঁসি চাই।"


Share