Weather Update

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা, রাজ্য জুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট

নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বাড়তে পারে বৃষ্টির দাপট, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার ও শুক্রবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও হাওড়াতেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ আগস্ট ২০২৬ ১০:৪৩

বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপের সম্ভাবনা। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল বুধবার এই ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হতে পারে। আর সেটি হলে ফের দক্ষিণবঙ্গ-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।

এর মধ্যেই রাজ্যের উপর দিয়ে বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। ফলে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার জোড়া প্রভাবে রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। কয়েক দিন আগেই একটি নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হয়েছিল। এবার ফের নিম্নচাপ তৈরিতে বৃষ্টির প্রকোপ বাড়তে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামীকাল, বুধবার সেটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিও হতে পারে। একইসঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্য দিকে, মৌসুমি অক্ষরেখা বর্তমানে দিঘার উপর দিয়ে বিস্তৃত রয়েছে। ফলে একদিকে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত এবং অন্যদিকে মৌসুমি অক্ষরেখা—এই দুইয়ের প্রভাবে রাজ্যে ফের বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে।

মঙ্গলবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। যদিও দিনের বেশ কিছুটা সময়ে রোদের দেখা মিলতে পারে। পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় দু’-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৯ শতাংশ থাকায় ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তাপমাত্রার ক্ষেত্রে বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

সোমবার দিনভর ভ্যাপসা গরমের পর সন্ধ্যার দিকে শহরে বৃষ্টি নামে। আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ৬টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত কলকাতায় মোট ৬৮.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

নতুন করে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বুধবার বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার এবং শুক্রবার আরও কয়েকটি জেলায় বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়ায় বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘূর্ণাবর্তের প্রভাবে সমুদ্রও উত্তাল থাকতে পারে। তাই আগামী শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তরবঙ্গেও বৃষ্টির পরিস্থিতি রয়েছে। মঙ্গলবার মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবার বৃষ্টির দাপট কিছুটা কমলেও বৃহস্পতিবার ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা আরও বাড়তে পারে।


Share