Weather Update

পুজোর আগে স্বস্তি! রাজ‍্যে ফিরেছে শরতের আমেজ, আপাতত ভারী বৃষ্টির সতর্কতা নেই, জানাল আবহাওয়া দফতর

আপাতত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অক্টোবরের মাঝামাঝি সময়ে ফের আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৭

রাজ্য জুড়ে উৎসবে আমেজ। টানা বৃষ্টি কাটিয়ে সপ্তাহের শুরুতেই বদলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। আকাশে সাদা মেঘের আনাগোনা থাকলেও রোদের দেখা মিলছে। কোথাও কোথাও মেঘলা আকাশ থাকছে। তবে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফলে পুজোর আগে কেনাকাটা থেকে শুরু করে বাইরে বেরোনোর ক্ষেত্রে অনেকটাই স্বস্তি মিলেছে বঙ্গবাসীর।

দিল্লির মৌসম ভবনের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

কলকাতাতেও আপাতত বড় কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার শহরের আকাশ মূলত মেঘলা থেকে আংশিক মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশপাশে থাকতে পারে। আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। ফলে বৃষ্টির পরিমাণ কমলেও দিনের বেলা গরম অনুভূত হতে পারে।

উত্তরবঙ্গেও আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই। তবে পাহাড়ি জেলাগুলিতে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে। ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ—কোথাও আপাতত কোনও বড় আবহাওয়া সতর্কতা জারি করা হয়নি। ফলে বৃষ্টির দাপট কাটিয়ে পুজোর প্রস্তুতিতে স্বস্তির আবহ তৈরি হয়েছে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অক্টোবরের মাঝামাঝি সময়ে, অর্থাৎ পুজোর ঠিক আগে ফের আবহাওয়ার পরিবর্তন হতে পারে।


Share