Weather Update

পুজোর কেনাকাটায় ফের বাধা বৃষ্টি! বৃহস্পতিবার থেকে রাজ্যে বাড়তে পারে বৃষ্টি

মায়ানমার উপকূল এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর থাকা গভীর নিম্নচাপটি বর্তমানে একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪০

পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন। তার আগে জমে উঠেছে কেনাকাটা। কেউ ইতিমধ্যেই পুজোর বাজারে নেমে পড়েছেন। আবার কেউ অক্টোবরের শুরুতেই কেনাকাটা সারার পরিকল্পনা করছেন। তবে আবারও কি নিম্নচাপ! এর মধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাসে কিছুটা চিন্তা বাড়ল। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উত্তাল হতে পারে সমুদ্রও।

নিম্নচাপের প্রভাবেই আবহাওয়ার এই পরিবর্তন। হাওয়া অফিস সূত্রে খবর, মায়ানমার উপকূল এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর থাকা গভীর নিম্নচাপটি বর্তমানে একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি উত্তর-উত্তর পশ্চিম দিকে এগোবে। দক্ষিণ-পূর্ব বাংলাদেশ, মায়ানমার, মিজোরাম, ত্রিপুরা এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকার দিকে এগিয়ে ধীরে ধীরে দুর্বল হবে নিম্নচাপটি।

এর প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবার উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কয়েকটি জেলায় হালকা বৃষ্টিও হতে পারে। শনিবার থেকে সোমবার পর্যন্ত জলীয়বাষ্পজনিত অস্বস্তি বাড়তে পারে। তবে দিনের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গেও আজ, বুধবার থেকে উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সোমবার থেকে সেখানে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে।

এদিকে নিম্নচাপের প্রভাবে বাংলাদেশ ও মায়ানমার উপকূলে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। উপকূলবর্তী মৎস্যজীবীদের জন্য আপাতত কোনও সতর্কবার্তা নেই। তবে আজ, বুধবার উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের গভীরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।

ফলে পুজোর আগে কেনাকাটার ব্যস্ততার মধ্যেই বৃষ্টির চোখরাঙানি থাকছে রাজ্যে। তবে আপাতত তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা না থাকায় পরিস্থিতি খুব একটা বদলাবে না বলেই পূর্বাভাস।


Share