Weather Update

টানা বৃষ্টির পর হাওয়া বদল, বৃষ্টির দাপট কমে দক্ষিণবঙ্গে ফিরছে রোদ! মিলতে পারে শরতের আমেজ

নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গ থেকে সরে যাওয়ায় কমবে বৃষ্টির দাপট। তবে আগামী এক সপ্তাহ বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতা-সহ বিভিন্ন জেলায়।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৩

কয়েক দিনের টানা বৃষ্টির পর ধীরে ধীরে বদলাতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গত কয়েক দিন ধরে দফায় দফায় বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সঙ্গে ছিল ঝোড়ো হাওয়াও। তবে আপাতত সেই পরিস্থিতি কাটতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের প্রভাব এখন আর সরাসরি পশ্চিমবঙ্গের উপর নেই। ফলে আগামী দিনে বৃষ্টির দাপট কমার পাশাপাশি মিলতে পারে রোদের দেখা।

ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের সীমান্তের কাছে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি ইতিমধ্যেই দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে সেটি আরও উত্তর-পশ্চিম দিকে সরে মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ়ের সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থান করছে। রবিবারের মধ্যে নিম্নচাপটি আরও দুর্বল হয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে বলে আবহবিদদের অনুমান। এর প্রভাবে ওই সংলগ্ন এলাকায় বৃষ্টি হলেও পশ্চিমবঙ্গে এর সরাসরি প্রভাব আপাতত নেই।

তাই রাজ্যে নতুন করে ভারী বৃষ্টি বা ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা দেখছে না হাওয়া অফিস। তবে বর্ষা এখনও পুরোপুরি বিদায় নেয়নি। আগামী এক সপ্তাহ কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও এক-দু’পশলা বৃষ্টিও হতে পারে। তবে ভারী বৃষ্টি বা বড় কোনও দুর্যোগের আশঙ্কা নেই। সেই কারণে আপাতত উত্তর বা দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়নি।

নিম্নচাপের প্রভাবে গত কয়েক দিন সমুদ্রও উত্তাল ছিল। সেই কারণে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি ছিল। রবিবার থেকে সমুদ্র নিয়ে আর কোনও সতর্কতা থাকছে না।

এ দিকে, বৃষ্টির দাপট কমার সঙ্গে কলকাতায় ধীরে ধীরে শরতের আবহাওয়ার আভাস মিলতে পারে। রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.৯ ডিগ্রি কম।


Share