Weather Update

ঘূর্ণিঝড় নয়, পরিণত হয়েছে অতি গভীর নিম্নচাপে! বুধবার রাতেই স্থলভাগে ঢুকবে, রাজ্য জুড়ে বাড়বে বৃষ্টির দাপট

অতি গভীর নিম্নচাপ হিসেবেই বুধবার রাতে স্থলভাগে ঢুকবে বঙ্গোপসাগরের নিম্নচাপ। এর জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি, কলকাতাতেও বৃহস্পতিবার বাড়বে বৃষ্টির দাপট।

বুধবার রাতে স্থলভাগে ঢুকবে বঙ্গোপসাগরের নিম্নচাপ
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৩৫

ঘূর্ণিঝড় নয়। বঙ্গোপসাগরের নিম্নচাপ অতি গভীর নিম্নচাপ হিসেবেই স্থলভাগে প্রবেশ করবে। বুধবার বিকেলে তা স্পষ্ট করে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।

আঞ্চলিক অধিকর্তা জানিয়েছেন, অতি গভীর নিম্নচাপটি বর্তমানে কলিঙ্গপত্তনম থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। বুধবার রাত ৯টার পর বিশাখাপত্তনম ও গোপালপুরের মাঝামাঝি, কলিঙ্গপত্তনমের কাছাকাছি এলাকা দিয়ে স্থলভাগে ঢুকবে সেটি। এই পরিস্থিতিতে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টির দাপট থাকবে। শুক্রবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই এলাকাগুলিতে জারি রয়েছে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির কিছু অংশে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।

বৃহস্পতিবার আরও বাড়বে বৃষ্টির দাপট। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কলকাতা, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও হাওড়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হতে পারে। কমতে পারে বৃষ্টির সম্ভাবনাও।

উত্তরবঙ্গেও বৃষ্টির পরিস্থিতি থাকবে শনিবার পর্যন্ত। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বিক্ষিপ্তভাবে উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। রবিবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমতে পারে।

কলকাতাতেও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের কিছু অংশে জারি থাকতে পারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার থেকে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমবে।

বুধবার মূলত মেঘলা আকাশ থাকবে। কখনও আকাশ আংশিক মেঘলা হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কয়েক পশলা। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।


Share