Weather Update

চলতি সপ্তাহে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস! শুক্রবার থেকে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা, বলছে আবহাওয়া দফতর

বৃহস্পতিবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে ৷ শুক্রবার থেকে রবিবার আরও এক দফায় ঝড় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে হতে পারে শিলাবৃষ্টি। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়া।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১০:৪৮

ঝড় বৃষ্টির পর রাজ্য জুড়ে তাপমাত্রা সামান্য বেড়েছে। তবুও দিন ও রাতের তাপমাত্রা এখনও স্বাভাবিকের নীচে। আগামী তিন দিনে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বৃহস্পতিবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে ৷ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত আরও এক দফায় ঝড় বৃষ্টি হতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

দক্ষিণবঙ্গে, সোমবার সকালেও মনোরম আবহাওয়া। মেঘমুক্ত পরিচ্ছন্ন আকাশ। বুধবারের মধ্যে স্বাভাবিকের কাছাকাছি ফিরতে পারে তাপমাত্রা। আকাশ আংশিক মেঘলা থাকবে। মঙ্গলবার স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে ।

সপ্তাহান্তে ফের বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। কিছু জেলায় কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হতে পারে। শুক্রবার থেকে সেই সম্ভাবনা তৈরি হতে পারে বলে অনুমান আলিপুর আবহাওয়া দফতরের। শুক্র ও শনিবার সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হুগলি, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে।

উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। উপরের দিকের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার শিলাবৃষ্টি উইকন্ডে অর্থাৎ শুক্র ও শনিবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। সোমবার দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হতে পারে উপরের দিকের বাকি জেলাতে। মঙ্গলবার শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে শিলাবৃষ্টি হতে পারে। ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলাতেই।

বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উপরের দিকে পাঁচ জেলাতে। তবে ঝড়ের সম্ভাবনা কম। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা আবার বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইবে। কিছু জেলায় ঝড়ের গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। শিলাবৃষ্টির আশঙ্কা থাকবে।

কলকাতায় সোমবার থেকে তাপমাত্রা সামান্য বাড়বে। কলকাতায় বুধবার পর্যন্ত পরিষ্কার আকাশ থাকবে। এই ক’দিন তাপমাত্রাও ক্রমশ বাড়বে। বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ। আবহাওয়ার পরিবর্তন হবে। শুক্রবার থেকে রবিবার মেঘলা আকাশের সম্ভাবনা। আরও এক দফায় ঝড়বৃষ্টির স্পেল চলবে। হতে পারে কালবৈশাখী ঝড়ও।


Share