Weather Update

দোলের আগে গ্রীষ্মের চোখ রাঙানি, বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা

দক্ষিণবঙ্গে আগামী ২ দিন বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা। পরবর্তী তিন-চার দিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। আগামী সাতদিন সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১০:৩৮

দোলের আগেই গ্রীষ্মের চোখ রাঙানি। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছল। দোলের দিন দক্ষিণবঙ্গে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। উষ্ণতার ছোঁয়া রঙের উৎসবে। শীত উধাও বরং ঘামে ভিজতে পারেন বেশ কিছু জেলার বাসিন্দারা। উত্তরবঙ্গে দোলের পরেই ঊর্ধ্বমুখী হবে পারদ। দোলের আগে বৃষ্টি ও কুয়াশা থাকবে। হতে পারে হালকা তুষারপাতও। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

দক্ষিণবঙ্গে আগামী ২ দিন বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা। পরবর্তী তিন-চার দিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। আগামী সাতদিন সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। সকালের দিকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা বেশ কিছু জেলাতে। তবে বৃষ্টির সম্ভাবনা কম।

উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিন তাপমাত্রার পরিবর্তন নেই। তারপর থেকে তাপমাত্রা বাড়বে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে উত্তরবঙ্গে।

কলকাতায় আরও ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ল কলকাতায়। শুক্রবার থেকে সোমবার এই চার দিনে ৭ ডিগ্রি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে শহরে। আজ, সোমবার সকালে ২৫ ডিগ্রিতে তাপমাত্রা কলকাতার। যা স্বাভাবিকের তুলনায় চার ডিগ্রি সেলসিয়াস বেশি। শীতের অনুভূতি উধাও। উষ্ণতার ছোঁয়া শহরে। আংশিক মেঘলা আকাশ হতে পারে সকালের দিকে। তবে বৃষ্টির সম্ভাবনা কম। আগামী তিন চার দিন একই রকম থাকবে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রাও এবার বাড়ল। আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

কলকাতায় আজ, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪.০ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪২ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।


Share