Weather Update

বৈশাখের শেষ লগ্নে দক্ষিণবঙ্গে গ্রীষ্মের দাবদাহ! উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, বুধবার কেমন থাকবে আবহাওয়া?

কলকাতায় বুধবার সকাল থেকেই চড়া রোদের দাপট। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। অন্য দিকে, এ দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন কলকাতার আবহাওয়া এমনই থাকবে। আকাশ পরিষ্কার থাকায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১১:৩৬

বৈশাখ মাসের প্রায় শেষ চলছে। এতদিন বৃষ্টির রেশ চলছিল দক্ষিণবঙ্গে। ফলে গ্রীষ্মের দাবদাহ গায়ে প্রায় লাগছিল না বললেই চলে। তবে এই শেষ লগ্নে রাজ্যে গরম দাপট দেখাতে শুরু করেছে। গত দু’এক দিনে আবহাওয়ার সেই পরিস্থিতিতে কিছুটা হলেও ছেদ পড়েছে। সঙ্গে দোসর হয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তিও। অন্য দিকে, উত্তরবঙ্গে একেবারে উল্টো পরিস্থিতি। উত্তরবঙ্গের একাধিক জেলায় চলছে ভারী বৃষ্টি। চলতি সপ্তাহের শেষ পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আবহাওয়া ক্রমশ শুষ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে বৃষ্টির সেরকম কোনও সম্ভাবনাও নেই। বরং আগামী শনিবার পর্যন্ত ধাপে ধাপে তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বৃদ্ধি পাবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরম বেশি অনুভূত হবে। সঙ্গে দুপুরের দিকে কোনও কোনও জায়গায় শুকনো গরম হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গে বুধবারও ভারী বৃষ্টিপাত জারি থাকবে। উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবারও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস রয়েছে।এ দিন জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির আশঙ্কা জারি। তবে শুক্রবার থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। শনিবারের পর উত্তরবঙ্গের জেলাগুলিতেও সামান্য তাপমাত্রা বাড়তে পারে।

কলকাতায় বুধবার সকাল থেকেই চড়া রোদের দাপট। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। অন্য দিকে, এ দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন কলকাতার আবহাওয়া এমনই থাকবে। আকাশ পরিষ্কার থাকায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। শুক্রবারের মধ্যে শহরের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।


Share