Weather Update

স্থলভাগে ঢুকে শক্তি হারিয়েছে নিম্নচাপ, শুক্রবারও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি, বইবে দমকা হাওয়া

শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ। তবে তার প্রভাবে শুক্রবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি চলবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি, বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও।

কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৪

বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ স্থলভাগে ঢোকার পর শক্তি হারাতে শুরু করেছে। বৃহস্পতিবার রাতেই সেটি সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আরও দুর্বল হবে নিম্নচাপটি। তবে তার প্রভাব এখনই কাটছে না। শুক্রবারও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড়বৃষ্টি হতে পারে। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার সকাল থেকেই কলকাতা ও শহরতলির বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘে ঢাকা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

তবে দক্ষিণবঙ্গের তিন জেলায় পরিস্থিতি তুলনামূলক বেশি খারাপ হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনাতেও বেশি বৃষ্টি হতে পারে। এই তিন জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

এর পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। দক্ষিণবঙ্গের আর কোনও জেলায় শনিবারের জন্য আপাতত সতর্কতা জারি করা হয়নি।

নিম্নচাপের প্রভাবে গত কয়েক দিন ধরেই উত্তাল সমুদ্র। হাওয়া অফিস জানিয়েছে, সমুদ্রে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। দমকা হাওয়ার গতি কখনও কখনও ৬৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও শুক্রবার ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে, বৃষ্টির জেরে কলকাতার তাপমাত্রাতেও তেমন বৃদ্ধি হয়নি। শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি কম। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ৩ ডিগ্রি কম।


Share