Weather Update

হাঁসফাঁস গরমে স্বস্তির ইঙ্গিত, বিকেলের পর কলকাতা-সহ একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

এর জেরে অসহ্যকর গরম থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে আশা করা হচ্ছে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলির কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১১:৩২

রাজ্যে ক্রমশ বাড়ছে গরমের দাপট। দক্ষিণবঙ্গে হাঁসফাস অবস্থা মানুষের। এরই মধ্যে কলকাতায় বিকেল বা সন্ধ্যের পর ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এর জেরে অসহ্যকর গরম থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে আশা করা হচ্ছে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলির কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী কয়েক ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান ও উত্তর ২৪ পরগনায় কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। তবে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ১.৭ ডিগ্রি বেশি।

উত্তরবঙ্গের একাধিক জেলায়ও বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এ ছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বজ্রপাত-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।  


Share