Weather Update

মার্চ থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তীব্র দাবদাহ শুরু, বৃষ্টির জেরে তাপমাত্রা কমলেও অস্বস্তি অব্যাহত রাজ্যে

এই সপ্তাহ শেষের আগেই সেই তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা। কয়েক দিনের মধ্যেই বাতাসে উপস্থিত জলীয় বাষ্পর পরিমাণ কমে আগের জায়গায় চলে এলে বাংলায় শুরু হয়ে যাবে শুকনো গরম।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১০

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় অকাল বর্ষণ দেখা গিয়েছিল। সেই পর্ব আপাতত শেষ। দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ও অসমের উপরে তৈরি একজোড়া ঘূর্ণাবর্তের মিলিত প্রভাবে মঙ্গলবার কলকাতা–সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি নেমেছিল। তার ফলে তাপমাত্রা এক ধাক্কায় কিছুটা কমেও ছিল। কিন্তু মার্চ থেকে তীব্র দাবদহে পুড়বে গোটা রাজ্য। 

সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির জেরে সেটাই মঙ্গলবার ২৬.৮ ডিগ্রিতে নেমে এসেছিল। রাতারাতি প্রায় সাড়ে চার ডিগ্রি নামলেও শহরের দিনের তাপমাত্রা পরের ২৪ ঘণ্টায় ফের সাড়ে ৩ ডিগ্রির কাছাকাছি বেড়ে বুধবার তাপমাত্রা পৌঁছেছে ৩০.২ ডিগ্রিতে। হাওয়া অফিস জানিয়েছে, সামনের কয়েক দিনে আর বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। এ বার তাপমাত্রা বৃদ্ধির পালা।

আবহববিদেরা জানাচ্ছেন, বুধবারের পর থেকে কলকাতা–সহ দক্ষিণবঙ্গে দিন ও রাত — দু’দিকের তাপমাত্রাই ২–৩ ডিগ্রি সেলসিয়াস করে বাড়তে শুরু করবে। মেঘ কেটে আকাশ পরিষ্কার হয়ে গেলেও বাতাসে উপস্থিত জলীয় বাষ্পের প্রভাবে ভ্যাপসা গরম অনুভূত হবে। বুধবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এই সপ্তাহ শেষের আগেই সেই তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা। কয়েক দিনের মধ্যেই বাতাসে উপস্থিত জলীয় বাষ্পর পরিমাণ কমে আগের জায়গায় চলে এলে বাংলায় শুরু হয়ে যাবে শুকনো গরম।

ওডিশা এবং সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছাকাছি আসার পরে কালবৈশাখীর আবহ তৈরি হবে রাজ্যে। তবে সেই পরিস্থিতি আসতে এখনও কিছুটা দেরি আছে বলে মনে করা হচ্ছে।


Share