Weather Update

দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত, মঙ্গলবারও জারি দুর্যোগের আশঙ্কা, তিন জেলায় জারি লাল সতর্কতা

বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে টানা বৃষ্টি, তিন জেলায় জারি লাল সতর্কতা। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে বৃষ্টি কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবারও বৃষ্টির দাপট বজায় থাকবে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ আগস্ট ২০২৬ ০৬:২৩

সোমবার দিন ভোর বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ব্যাহত স্বাভাবিক জনজীবন। উত্তরবঙ্গেও বৃষ্টির পরিস্থিতি খুব একটা বদলাচ্ছে না। এর মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও শক্তিশালী হয়েছে। ফলত আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির দাপট অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর থাকা নিম্নচাপ অঞ্চলটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এরপর ঘণ্টায় প্রায় ৬ কিলোমিটার গতিতে সেটি স্থলভাগের দিকে এগিয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার তথ্য অনুযায়ী, নিম্নচাপটি কলকাতা থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিম ও উত্তর-পশ্চিমে অবস্থান করছিল। বর্ধমান থেকে এর দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার এবং বাঁকুড়া থেকে প্রায় ১৪০ কিলোমিটার। আগামী ২৪ ঘণ্টায় এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও বিহারের উপর দিয়ে উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে।

নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায় ২০ সেন্টিমিটারের বেশি অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তিন জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সেখানে রয়েছে কমলা সতর্কতা।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার পরেও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। তবে বুধবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমবে। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

নিম্নচাপের প্রভাবে সমুদ্রও উত্তাল থাকবে। সমুদ্রে দমকা হাওয়ার সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সাধারণভাবে হাওয়ার গতি থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার। তাই মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশ সংলগ্ন সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।

উত্তরবঙ্গেও বৃষ্টির পরিস্থিতি এখনই স্বাভাবিক হচ্ছে না। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই তিন জেলায় আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে। মঙ্গলবার ও বুধবার ওই তিন জেলা ছাড়াও উত্তরবঙ্গের বাকি পাঁচ জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার থেকে সেখানে ঝড়বৃষ্টির প্রকোপ কিছুটা কমলেও হালকা বৃষ্টি আপাতত চলবে।


Share