Weather Update

শনিবারের পরই কমবে বৃষ্টি, রবিবার থেকে স্বস্তি দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

শনিবার সকালের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তবে দুপুরের পর থেকেই কমবে বৃষ্টি। রবিবার থেকে দক্ষিণবঙ্গে আরও কমবে বৃষ্টির প্রবণতা, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাতেও।

কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৪

শনিবারের পর থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমবে দক্ষিণবঙ্গে। শনিবার সকালের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমবে বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে আরও কমবে বৃষ্টির প্রবণতা।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষা বিদায়ের রেখা বর্তমানে পাঞ্জাবের গুরুদাসপুর, চণ্ডীগড়, মুজফ্‌ফরনগর, আলিগড়, উদয়পুর হয়ে দিশা পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে, ছত্তিশগড় এবং সংলগ্ন মধ্যপ্রদেশ এলাকায় অবস্থান করছে একটি গভীর নিম্নচাপ। সেটি ধীরে ধীরে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশের দিকে যাবে। নিম্নচাপ সরে গেলেও সমুদ্র এলাকায় ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে শনিবার সকালের দিকে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের পর থেকেই আবহাওয়ার উন্নতি হবে। রবিবারও দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেপ্টেম্বরের বাকি দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে অবশ্য শনিবারও বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। তবে পাহাড়-সহ উত্তরবঙ্গের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সোমবার থেকে আরও কমবে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে।

কলকাতায় শনিবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ থাকবে। সকাল থেকে দুপুরের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। তবে দুপুরের পর থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে কলকাতায় বৃষ্টির প্রবণতা আরও কমবে। আগামী তিন-চার দিনে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৩ থেকে ৯৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ২৭.১ মিলিমিটার।


Share