Weather Update

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, জারি রেড এলার্ট, আর্দ্রতার কারণে দক্ষিণবঙ্গে গরম অব্যাহত, সোমবার থেকে বদলাতে পারে আবহাওয়া

উত্তর-পূর্ব এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আবহাওয়াবিদদের মতে, আগামী ২ বা ৩ জুলাইয়ের মধ্যে এটি বছরের প্রথম নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ১১:৩৭

উত্তরবঙ্গে আগামী কয়েক দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া দফতর। বিশেষ করে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। দুই জেলাতেই কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। অন্য দিকে, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এ দিকে উত্তর-পূর্ব এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আবহাওয়াবিদদের মতে, এটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। আগামী ২ বা ৩ জুলাইয়ের মধ্যে বছরের প্রথম নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ তৈরি হলে তার প্রভাবে দক্ষিণবঙ্গের গাঙ্গেয় ও উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির দেখা খুব বেশি মিলবে না। শনিবার ও রবিবার আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকবে। কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। ফলে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ প্রায় ১০০ শতাংশে পৌঁছোতে পারে। এর জেরে অনুভূত তাপমাত্রা কোথাও কোথাও ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছোতে পারে।

কলকাতায় শনিবার সকাল থেকেই রোদের প্রভাব থাকবে। দুপুরের পর আকাশে মেঘের আনাগোনা বাড়তে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। তাই শহরবাসীকে গরম ও ভ্যাপসা আবহাওয়ার মধ্যেই দিন কাটাতে হতে পারে। তবে রবিবার বিকেলের পর কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলেছে। সোমবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার তুলনায় কলকাতায় বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকার সম্ভাবনাই বেশি।


Share