Weather Update

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা

কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃহস্পতিবার দুপুর থেকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়েছে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় কমলা এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতার আকাশে কালো মেঘ সঙ্গে বৃষ্টি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ০২:৩৩

বৃহস্পতিবার দুপুর থেকেই কলকাতার আকাশে কালো মেঘের আবির্ভাব। শুরু হয় বৃষ্টি। সঙ্গে বজ্রপাতও। শুধু কলকাতাই নয়, সংলগ্ন একাধিক জেলাতেও বৃষ্টির খবর মিলেছে। এর আগে আলিপুর আবহাওয়া দফতর যে পূর্বাভাস দিয়েছিল, বৃহস্পতিবারের আবহাওয়া সেই পূর্বাভাসকেই কার্যত সত্যি প্রমাণ করেছে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই কারণে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃহস্পতিবার কলকাতা সহ- হুগলি, হাওড়া, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা জেলার বেশ কিছু অঞ্চলে বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

অন্য দিকে উত্তরবঙ্গেও বৃষ্টির প্রকোপ অব্যাহত রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সপ্তাহের শেষদিকে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। টানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।


Share