Weather Update

উত্তর থেকে দক্ষিণে সরছে বর্ষা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কমবে ভারী বৃষ্টির সম্ভাবনা

সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অন্য দিকে, বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে ধীরে ধীরে কমবে ভারী বৃষ্টির প্রবণতা।

সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১০:২৮

দক্ষিণবঙ্গে এত দিন চলছিল বৃষ্টির খামখেয়ালিপনা। উত্তরবঙ্গে জমিয়ে ব্যাটিং চলছিল বৃষ্টির। এ বার দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিনে বৃষ্টির দাপট বাড়তে চলেছে। সপ্তাহের শেষে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অন্য দিকে, উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলছিল। উত্তরবঙ্গে ধীরে ধীরে ভারী বৃষ্টির প্রবণতা কমবে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে রাজস্থান থেকে বিহার পর্যন্ত মৌসুমী অক্ষরেখা হরিয়ানা ও উত্তরপ্রদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এই দুই আবহাওয়া ব্যবস্থার প্রভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

মঙ্গলবার দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টি না হলে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

বুধবার ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। 

শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। রবিবার বৃষ্টির দাপট আরও বাড়বে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এ ছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গে মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।

বুধবারও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির প্রবণতা কমতে শুরু করবে। শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমবে। সপ্তাহের শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

এ দিকে, টানা ভারী থেকে অতিভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় একাধিক জায়গায় ধস নেমেছে। নিচু এলাকা জলমগ্ন হয়েছে। বিভিন্ন নদীর জলস্তরও বিপদসীমার উপর দিয়ে বইছে।

কলকাতায় মঙ্গলবার আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি না হলে গরম ও অস্বস্তি বজায় থাকবে। শনিবার থেকে শহরে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭২ থেকে ৯৭ শতাংশের মধ্যে থাকবে। গত ২৪ ঘণ্টায় শহরে ২৭.৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


Share