Weather Update

উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির আশঙ্কা, শনিবার থেকে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে সোমবার থেকে বাড়বে বৃষ্টির দাপট

শনিবার থেকে দার্জিলিং-সহ পাঁচ জেলায় লাল সতর্কতা জারি হয়েছে। দক্ষিণবঙ্গে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ১২:০৭

উত্তরবঙ্গে আগামী কয়েক দিনে প্রবল থেকে অত্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শনিবার থেকে দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। অতিভারী বৃষ্টির জেরে পার্বত্য এলাকায় ধস। নদীর জলস্তর বৃদ্ধি। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্য দিকে, দক্ষিণবঙ্গে আপাতত আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টি না হলে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হবে। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদদের পূর্বাভাস, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মঙ্গলবার ও বুধবার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি রয়েছে। কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি, দক্ষিণ দিনাজপুর ও মালদায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে।

শনিবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা কার্যকর হবে। কোথাও কোথাও ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। এর ফলে পাহাড়ি এলাকায় ধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে

কলকাতায় শুক্রবার সারাদিন মূলত মেঘলা আকাশ থাকবে। দিনের কিছু সময় আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি না হলে ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে। আগামী কয়েক দিনও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭১ থেকে ১০০ শতাংশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।


Share