Weather Update

বঙ্গোপসাগরে নিম্নচাপ, স্বাধীনতা দিবসেও বৃষ্টির ভ্রুকুটি, দক্ষিণবঙ্গের চার জেলায় জারি হলুদ সতর্কতা

গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়ার পূর্বাভাস, রবিবার ও সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ আগস্ট ২০২৬ ১০:৫৭

বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে। বর্তমানে গভীর নিম্নচাপটি মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।

১৫ই আগস্ট স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গে শুক্রবার ও শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি থাকবে রবিবার পর্যন্ত।

শুক্রবার দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান—এই ছয় জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু অংশে ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। তবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে দু’-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে, তবে ওই দিনগুলিতে আপাতত কোনও সতর্কতা জারি করেনি আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গেও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আরও বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হতে পারে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা বুধবার পর্যন্ত থাকবে।

কলকাতায় আজ আকাশ আংশিক মেঘলা থেকে কখনও মেঘলা থাকতে পারে। আজ ও শনিবার বিক্ষিপ্তভাবে দু’-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সোমবার থেকে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কমবে।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ২.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এদিকে, নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। শনিবার ১৫ অগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রের উপর ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই কারণে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এই পরিস্থিতির পাশাপাশি মৌসুমী অক্ষরেখাও সক্রিয় রয়েছে। অমৃতসর থেকে বালিয়া হয়ে পশ্চিমবঙ্গের নিম্নচাপ ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। ফলে আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে।


Share