Weather Update

ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে বৃষ্টি, দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, রবিবার পর্যন্ত বৃষ্টির হলুদ সতর্কতা

দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎসহ ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ আগস্ট ২০২৬ ১১:৩১

রাজ্যে রবিবার পর্যন্ত বজায় থাকছে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে।

রাজ্যে আপাতত আরও দু'দিন বর্ষার প্রভাব বজায় থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া এবং পুরুলিয়ায় আজ ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা বর্তমানে ফিরোজপুর, রোহতক, লখনৌ, জামশেদপুর ও কাঁথির উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা দক্ষিণমুখী হয়ে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশেও রয়েছে আরও কয়েকটি ঘূর্ণাবর্ত।

রবিবার দক্ষিণবঙ্গে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্য দিকে উত্তরবঙ্গে শুক্রবার সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।

শুক্রবার কলকাতায় সারাদিন মেঘলা আকাশ থাকবে। দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ থেকে ৯৯ শতাংশ এবং গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ১.৩ মিলিমিটার।

আবহাওয়াবিদদের মতে, সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমলেও সম্পূর্ণ শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা নেই। বরং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকতে পারে।


Share