Weather Update

আবার বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বাড়ার সম্ভবনা, উত্তরবঙ্গে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ায় রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট বাড়তে পারে। কলকাতা-সহ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

নিম্নচাপে জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ আগস্ট ২০২৬ ১১:৩৪

বর্ষাকাল শেষের পথে হলে বৃষ্টির দাপট এখনই কমবে না। বঙ্গোপসাগরের উত্তরাংশে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এর প্রভাবে রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের কাছে উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। রবিবার সকালে ঘূর্ণাবর্তটি নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। পাশাপাশি বর্ষাকালীন অক্ষরেখাও সক্রিয় রয়েছে। অক্ষরেখাটি পঞ্জাব, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে দিঘার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই জোড়া ফলার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে বলে আবহাওয়াবিদরা মনে করছেন।

রবিবার ও সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। 

উত্তরবঙ্গেও বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে সোমবার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা সেখানে রয়েছে। কালিম্পঙে সোমবার ও মঙ্গলবার এবং কোচবিহারে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙে মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে এই তিন জেলায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে।

এ দিকে, উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। পরিস্থিতির কথা মাথায় রেখে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছোয়, স্বাভাবিকের তুলনায় ২.২ ডিগ্রি বেশি। তবে বৃষ্টি কমলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।


Share