Weather Update

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, জারি কমলা সতর্কতা, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

সোমবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গের দুই জেলায় কমলা সতর্কতা, কলকাতাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস।

সোমবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১২:০৭

রাজ্যের আবহাওয়ায় এখনও সক্রিয় রয়েছে বর্ষা জনিত একাধিক আবহাওয়া ব্যবস্থা। তার জেরে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্য দিকে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টি না হলে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা বর্তমানে হরিয়ানা ও উত্তরপ্রদেশের উপর দিয়ে অবস্থান করছে। পাশাপাশি পূর্ব বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখাও সক্রিয় রয়েছে। এই দুই আবহাওয়া ব্যবস্থার প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

সোমবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা। কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা বলবৎ রয়েছে। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে।

আবহাওয়াবিদদের মতে, আপাতত বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও শুক্রবার থেকে ফের উত্তরবঙ্গে বৃষ্টির ব্যাপকতা বাড়বে। শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এবং শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হতে পারে।

দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। আজ হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। সংশ্লিষ্ট জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি রয়েছে।

এছাড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রপাতের আশঙ্কা বেশি থাকছে। তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রপাত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার ও বৃহস্পতিবার থেকে ফের ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়বে।

কলকাতা ও সংলগ্ন এলাকায় সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে। দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি না হলে আর্দ্রতার কারণে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

বুধবার থেকে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৯ থেকে ৯৮ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। গত ২৪ ঘণ্টায় শহরে ৬২.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


Share