Weather Update

দুর্গাপুজোর আগে ফের বৃষ্টির ইঙ্গিত, শুক্রবার ভিজতে পারে দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গ

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতারও দু’-এক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তরবঙ্গে।

কলকাতার দু’-এক জায়গায় বৃষ্টির সম্ভবনা
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৬ ০৯:৩২

দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। তার আগেই ফের আবহাওয়া বদলের ইঙ্গিত। শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ তুলনায় বেশি হতে পারে। বিশেষ করে পাহাড় ও ডুয়ার্সে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে নতুন করে কোনও নিম্নচাপ তৈরি হয়নি। ঝড়েরও কোনও সতর্কবার্তা নেই। তবে মৌসুমি বায়ুর প্রভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

কলকাতাতেও শুক্রবার দু’-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। রাতের দিকে তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।

দক্ষিণবঙ্গের হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু অংশে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ২৪ পরগনা ও হাওড়ার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও বেশি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরের দু’-এক জায়গাতেও হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর ও মালদায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবারের পরেও অবশ্য বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি কাটছে না। শনিবার উত্তরবঙ্গে আবহাওয়া মোটের উপর একই রকম থাকতে পারে। দক্ষিণবঙ্গেরও কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন ভাবে হালকা বৃষ্টি হতে পারে।

তবে রবিবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। ফলে পুজোর আগে বৃষ্টির দাপট কমার সম্ভাবনা থাকলেও এখনই পুরোপুরি বৃষ্টিমুক্ত আবহাওয়ার কথা বলা যাচ্ছে না।


Share