Weather Update

বসন্তে অকাল বর্ষা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। যা বুধবারের মধ্যে নিজের শক্তি হারাবে। বর্তমানে এর অভিমুখ উত্তর ও উত্তর-পূর্ব দিকে। পাশাপাশি উত্তরাখণ্ড ও পশ্চিম অসম সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৪

বছরের প্রথম বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাসকে ১০০ শতাংশ মিলিয়ে দিয়ে গতকাল রাতে কলকাতা-সহ একাধিক জেলায় শুরু বৃষ্টি হয়েছে। সোমবার রাত ৩টে নাগাত বৃষ্টিপাত শুরু হয়। হালকা পূবালী বাতাসে শীতের অনুভূতি ফের কিছুটা ফেরত নিয়ে এসেছে। যা গত কয়েক দিনের আবহাওয়াকে অনেকটাই বদলে দিয়েছে। 

কলকাতায় গতকাল রাতে ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সকাল ৭টা পর্যন্ত বৃষ্টি ছিল। এই ৫ ঘন্টায় সর্বোচ্চ হাওয়ার গতিবেগ ছিল ৪৫ কিলোমিটার। 

দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। যা বুধবারের মধ্যে নিজের শক্তি হারাবে। বর্তমানে এর অভিমুখ উত্তর ও উত্তর-পূর্ব দিকে। পাশাপাশি উত্তরাখণ্ড ও পশ্চিম অসম সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই দুই সিস্টেমের প্রভাবে বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে অস্বাভাবিক জলীয় বাষ্পের আধিক্য দেখা দিয়েছে।

দক্ষিণবঙ্গে মঙ্গলবার মেঘলা আকাশ থাকবে। এই দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায় সারাদিনই বইবে দমকা পুবালি হাওয়া। ফলে এ দিন দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা সোমবারের তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর-সহ একাধিক জেলায় হালকা বৃষ্টির সঙ্গে মাঝারি বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা বাতাস, ঘণ্টায় গতি ৩০-৪০ কিলোমিটার।

উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত একের পরে এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই বৃষ্টিপাত। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায়। আগামী কয়েক দিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। আজ মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তা নেমে ২৬ থেকে ২৭ ডিগ্রির মধ্যে থাকতে পারে।


Share