Weather Update

নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা, কমলা সতর্কতা জারি একাধিক জেলায়

রবিবার শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ১১:০৪

হাঁসফাঁস গরম কাটিয়ে অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষার ইনিংস শুরু হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এর প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির দাপট বাড়তে চলেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ৬ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। মঙ্গলবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি নিম্নচাপ। আগামী দু’দিনে এটি আরও শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। একই সঙ্গে মৌসুমি অক্ষরেখা রাজস্থান, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও ওড়িশা হয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনার কারণে উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৭ জুলাই, সোমবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

দক্ষিণবঙ্গে শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং হাওড়া জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবার পরিস্থিতি আরও জটিল হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

সোমবার পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। মঙ্গলবার ও বুধবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।

অন্য দিকে, উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে। বৃহস্পতিবারও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।

কলকাতার ক্ষেত্রেও আগামী কয়েক দিন আকাশ মূলত মেঘলা থাকবে। রবিবার শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৬ থেকে ৯৪ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।


Share