Weather Update

উত্তরবঙ্গে আপাতত স্থগিত বৃষ্টির, নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় জারি হলুদ সর্তকতা

৩ জুলাই সম্ভাব্য নিম্নচাপের জেরে ৪ থেকে ৮ জুলাই পর্যন্ত গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতায় রবিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১১:১৩

এত দিন উত্তরবঙ্গে চলছিল বৃষ্টির জোরালো ব্যাটিং। এবার আপাতত কয়েক দিনের জন্য উত্তরবঙ্গ থেকে ছুটি নিচ্ছে বৃষ্টি। ব্যাটিং চলবে দক্ষিণবঙ্গে, এমনই জানাচ্ছে হাওয়া অফিস। শনিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার কলকাতায় ভারী বৃষ্টি হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

 পূর্বাভাস অনুযায়ী, ৩ জুলাই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলির জন্য সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। রোদের তেজ তুলনামূলক কম। তাই আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক। বৃহস্পতি ও শুক্রবার শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনায় কলকাতার জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।

এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি বেশি। অন্যদিকে, সর্বোচ্চ তাপমাত্রা ৩১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৫ ডিগ্রি কম।

বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকতে পারে। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা বাড়তে পারে। তবে সপ্তাহের শেষ থেকেই আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। নিম্নচাপের প্রভাবে ৪ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে আপাতত বড় ধরনের কোনও আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই। সাম্প্রতিক দুর্যোগের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েক দিন বজায় থাকবে বলে পূর্বাভাস।


Share