Weather Update

রথযাত্রায় বৃষ্টির ভ্রুকুটি! শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ, এর প্রভাবে রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হচ্ছে। এর প্রভাবে রথযাত্রার দিন থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় ১৮ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দফতর।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৬ ০৭:৪৩

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। বর্তমানে নিম্নচাপটি উত্তর ওড়িশা উপকূল এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর অভিমুখ উত্তর-পশ্চিম দিকে। আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী দু'দিনের মধ্যে এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করবে। নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখার যুগপৎ প্রভাবে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। সেই কারণে বুধবার থেকে ১৮ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

বুধবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার, অর্থাৎ রথযাত্রার দিন থেকেই বৃষ্টির দাপট আরও বাড়বে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস।

এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। শনিবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে।

রথযাত্রার দিন কলকাতায়ও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সারাদিনে কয়েক দফায় বৃষ্টি হতে পারে। বেশিরভাগ সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও দিনের কোনও কোনও সময় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

বুধবার দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। বৃহস্পতিবারও পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। শুক্র ও শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। রবিবার ও সোমবার এই পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি সোমবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। মঙ্গলবারও উত্তরবঙ্গের ওই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের বিস্তীর্ণ এলাকায় দফায় দফায় বৃষ্টি চলবে। বিশেষ করে রথযাত্রার দিন থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


Share