Weather Update

সকাল থেকেই মুখভার আকাশের, সপ্তাহান্তে বাড়বে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি চলবে। একই সময়ে উত্তরবঙ্গের পাঁচ জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ জুলাই ২০২৬ ১০:৪৭

শুক্রবার সকাল যেন আগেভাগেই আবহাওয়ার চিত্র স্পষ্ট করে দিল। সকাল থেকেই আকাশের মুখভার। মেঘের চাদরে ঢেকেছে রাজ্য। রাতভর টানা বৃষ্টির পর সকালেও শহরের আকাশ মেঘে ঢাকা। কোথাও থেমে থেমে, কোথাও আবার একটানা বৃষ্টিতে ভিজছে জনজীবন। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই একই পরিস্থিতি দেখা গিয়েছে। আবহাওয়ার এই বদলে যাওয়া ছবিই ইঙ্গিত দিচ্ছে, সপ্তাহান্ত জুড়ে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ—দুই প্রান্তেই বৃষ্টির দাপট আরও বাড়তে চলেছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকেই এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার সূচনা হবে। তা গোটা সপ্তাহান্ত জুড়েই বজায় থাকতে পারে।

শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এর প্রভাব কলকাতাতেও পড়তে পারে। পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি ও ভারী বর্ষণের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

অন্য দিকে উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট কমার কোনও ইঙ্গিত নেই। শুক্রবার ও শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই সপ্তাহান্তে পাহাড়ে ভ্রমণের পরিকল্পনা থাকলে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

তবে আগামী মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে। যদিও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তখনও থাকবে। তবে ভারী বর্ষণের প্রবণতা আগের তুলনায় কিছুটা হ্রাস পাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।


Share