Weather Update

ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, শনিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, হলুদ সতর্কতা কলকাতাতে

বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, যার জেরে শনিবার থেকে সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার ও সোমবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ আগস্ট ২০২৬ ১১:০৩

ফের রাজ্যের আবহাওয়ায় বদল। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে আগামীকাল নিম্নচাপ তৈরি হতে পারে। পাশাপাশি বাংলাদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখাও বাংলার উপর দিয়ে বিস্তৃত হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। শনিবার থেকে সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের সব জেলাতেই আকাশ মূলত মেঘলা থাকবে। কোথাও আংশিক মেঘলা আকাশের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার এবং সংলগ্ন জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গেও শুক্রবার ও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে দু-এক জায়গায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। তবে রবিবার থেকেই উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে পূর্বাভাস।

কলকাতাতেও আপাতত মেঘলা, কখনও আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে সোমবার শহরে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কলকাতাতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

এ দিকে নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণে রবিবার ও সোমবার পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে।


Share