Weather Update

সোমবার কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, মুর্শিদাবাদে কমলা সতর্কতা জারি করল আবহাওয়া দফতর

রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বৃষ্টি কমলে অস্বস্তি বাড়বে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।

সপ্তাহের প্রথম দিনে ভিজবে শহর।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ জুলাই ২০২৬ ০৯:৫৫

সপ্তাহের প্রথমেই বৃষ্টিতে ভাসবে কলকাতা। শহরের কিছু অংশে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ব্যাহত হতে পারে জনজীবন। রবিবার সেই মর্মে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের দু’টি জেলায় অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের পাঁচটি জেলায় অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হবে। রবিবার আবহাওয়া দফতর জানিয়েছে, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানের দু-একটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ওই সমস্ত জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই দুই জেলার জন‍্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়া, বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সাতটি জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এই সাত জেলার জন‍্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পাশাপাশি এই সমস্ত জেলার জন‍্য বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে। 

অন‍্য দিকে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি কোচবিহার, আলিপুরদুয়ারের কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে সোমবার। এই পাঁচটি জেলার জন‍্য কমলা সতর্কতা আবহাওয়া দফতরের তরফে জারি করা হয়েছে। এই পাঁচটি জেলা তো ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলির জন‍্য হলুদ সতর্কতা রয়েছে। ওই সমস্ত জেলায় বজ্রবিদ‍্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বৃষ্টি কমলে অস্বস্তি বাড়বে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। 


Share