Weather Update

উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে আর্দ্রতার কারণে বাড়বে গরম ও অস্বস্তি, কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহের শেষদিকে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আবার বাড়তে পারে।

কলকাতায় মঙ্গলবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশের দেখা মিলেছে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ১১:০৯

উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্য দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। পাশাপাশি বাড়বে গরম ও অস্বস্তি।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা উত্তরপ্রদেশের উপর দিয়ে অবস্থান করছে। এর প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আবহাওয়াবিদদের মতে, বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে শুক্রবার থেকে ফের পরিস্থিতির অবনতি হতে পারে। শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হতে পারে। শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি—এই পাঁচ জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশেষত পার্বত্য এলাকাগুলিতে ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে। অতিবৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে। নদীগুলির জলস্তর বিপজ্জনকভাবে বৃদ্ধি পেতে পারে। নিচু এলাকায় জলমগ্ন পরিস্থিতিরও আশঙ্কা রয়েছে।

দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কমতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। বাড়বে ভ্যাপসা গরম ও অস্বস্তি। কলকাতা ও সংলগ্ন এলাকায় এর প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হতে পারে।

মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

পরবর্তী কয়েকদিন দক্ষিণবঙ্গ জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। অধিকাংশ জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বিশেষ করে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রপাতের ঝুঁকি বেশি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতায় মঙ্গলবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশের দেখা মিলেছে। মাঝে মধ্যে রোদ উঠলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহের শেষদিকে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আবার বাড়তে পারে। আপাতত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৭ থেকে ৯৬ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে।


Share