Weather Update

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব, বদলে যেতে পারে আবহাওয়া, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার জেরে ফের দুর্যোগের আশঙ্কা রাজ্যে। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ আগস্ট ২০২৬ ১১:৪৫

কাটছে না দুর্যোগ। উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে ফের বদলাতে পারে রাজ্যের আবহাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হওয়া অফিস। পাশাপাশি কলকাতা, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমি অক্ষরেখাটি দিঘার উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি আরও একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। যা ওড়িশার উপর দিয়ে প্রায় ১.৫ থেকে ৩.১ কিলোমিটার উচ্চতায় উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

এই দুই আবহাওয়াজনিত পরিস্থিতির প্রভাবেই বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। সেই কারণে ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবারও আবহাওয়ার বিশেষ উন্নতির সম্ভাবনা নেই। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি কলকাতা, হাওড়া, নদিয়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ প্রায় গোটা রাজ্যেই মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। বৃহস্পতিবার জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়েও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ ছাড়া, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।


Share