Weather Update

চৈত্র মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে গরমের দাপট, তাপমাত্রা পৌঁছোতে পারে ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে

নিম্ন ট্রপস্ফিয়ার স্তরের উপর পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে একটি শুষ্ক বায়ু প্রবাহ বজায় থাকার সম্ভাবনা রয়েছে। যার ফলে দুই থেকে চার এপ্রিলের মধ্যে দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় আর্দ্রতা জনিত অস্বস্তি গরম থাকার সম্ভাবনা রয়েছে।

রোদের তেজ ও গরমের দাপট বাড়ছে কলকাতায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১১:৩০

চৈত্র মাস যতই শেষ হয়ে আসছে ততই রোদের তেজ ও গরমের দাপট বৃদ্ধি পাচ্ছে। আগামী দুই থেকে তিন দিন আরও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও এই সপ্তাহে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷

নিম্ন ট্রপস্ফিয়ার স্তরের উপর পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে একটি শুষ্ক বায়ু প্রবাহ বজায় থাকার সম্ভাবনা রয়েছে। যার ফলে দুই থেকে চার এপ্রিলের মধ্যে দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় আর্দ্রতা জনিত অস্বস্তি গরম থাকার সম্ভাবনা রয়েছে।  

উত্তরবঙ্গে, বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। এর পর তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে। রবিবার আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। রবিবার থেকে বুধবার ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে কালবৈশাখী ঝড়ও ৷

দক্ষিণবঙ্গে, আপাতত কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। রবিবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে। এবং পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে। শুধু তাই নয়, আদ্রতা জনিত কারণে ৪২ থেকে ৪৫ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হবে।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। ঘর্মাক্ত পরিবেশ থাকবে। আর্দ্রতা বৃষ্টি হওয়ার জন্য ৪২ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হতে পারে।


Share