Weather Update

কালবৈশাখীর দাপটে স্বস্তি মিললেও সোমবার থেকে ফের বাড়বে গরম, পূর্বাভাস আবহাওয়া দফতরের

দক্ষিণবঙ্গে শনিবার বিকেল থেকে রাতের মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১১:২৭

দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। প্রচন্ড তাপদাহের পর অবশেষে কালবৈশাখীর কৃপায় দক্ষিণবঙ্গে স্বস্তি মিলেছে। শুক্রবারের ঝড়বৃষ্টির জেরে এক ধাক্কায় তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। স্বস্তি মিলেছে শহরবাসীর। আজও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির দাপট কিছুটা কমলেও আজও রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে আগামীকাল থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে জানানো হয়েছে।

অন্য দিকে, উত্তরবঙ্গেও আজ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী দু'দিন বৃষ্টির পরিমাণ কমতে পারে। তবে মঙ্গলবার থেকে ফের সক্রিয় হতে পারে প্রাক-বর্ষার আবহাওয়া।

আবহাওয়াবিদদের মতে, বর্তমানে ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি পাকিস্তান থেকে রাজস্থান, ছত্তীসগঢ় হয়ে ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। এই দুই আবহাওয়াগত ব্যবস্থার প্রভাবে রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

দক্ষিণবঙ্গে শনিবার বিকেল থেকে রাতের মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সাম্প্রতিক বৃষ্টির জেরে তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে এসেছে। কলকাতায় গত ২৪ ঘণ্টায় ৪০.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবারও শহর এবং সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। তবে সোমবার থেকে ফের পারদ ঊর্ধ্বমুখী হতে পারে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। ওইসব এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

তবে রবিবার ও সোমবার উত্তরবঙ্গের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। মঙ্গলবার থেকে আবার আবহাওয়ার পরিবর্তন শুরু হতে পারে। সেদিন দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বুধবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই ফের প্রাক-বর্ষার বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এ দিকে সমুদ্র উত্তাল থাকার মতো পরিস্থিতি না থাকায় আজ মৎস্যজীবীদের জন্য কোনও বিশেষ সতর্কবার্তা জারি করা হয়নি।


Share