Weather Update

বছরের প্রথম শিলাবৃষ্টি দেখল শহরবাসী! শুক্রবার থেকে চলবে বৃষ্টি

শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির আশঙ্কাও থাকবে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ঝড় ও শিলাবৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে। নামতে পারে ধস।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১১:০৮

বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টি হবে তা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। সেইমতো বৃহস্পতিবার বিকেলে কলকাতা ও তৎসংলগ্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। শুধু তাই নয় গতকাল বছরের কলকাতার প্রথম শিলাবৃষ্টি দেখেছে শহর। শুক্রবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বেশি। হতে পারে কালবৈশাখীর মত পরিস্থিতি। তার সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের আশঙ্কাও থাকবে।

শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির আশঙ্কাও থাকবে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ঝড় ও শিলাবৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে। সেখানকার কোনও কোনও জায়গায় ধস নামতে পারে। দার্জিলিং এবং কালিম্পংয়ে শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং ও জলপাইগুড়ির কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতি বেগে হাওয়া বইবে। বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলাতেও। শনিবার বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঝড়ের গতিবেগ ক্রমশ কমে যাবে। এরপর কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত চলবে।

কলকাতায় সকালে আংশিক মেঘলা আকাশ এবং পরে পুরোপুরি মেঘলা আকাশ। বেলা বাড়লে উষ্ণতা বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা এখনও স্বাভাবিকের বেশ কিছুটা নীচে রয়েছে। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে। শুক্রবার থেকে রবিবার আরও এক দফায় ঝড়বৃষ্টির স্পেল চলতে পারে। হতে পারে কালবৈশাখী ঝড়ও। শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

কলকাতায় আজ, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৬ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।


Share