Weather Update

আবারও বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা! মায়ানমার-বাংলাদেশ উপকূলে মৎস্যজীবীদের সতর্কতা, পশ্চিমবঙ্গে কি পড়বে প্রভাব?

মায়ানমার উপকূল সংলগ্ন নিম্নচাপ অঞ্চলটি সোমবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গের উপকূলের জন্য আপাতত কোনও সতর্কতা জারি করা হয়নি।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৩

নিম্নচাপ কাটতে না কাটতেই আবারও নিম্নচাপের আশঙ্কা! বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপের পরিস্থিতি। মায়ানমারের উপকূল সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবারের মধ্যে সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর উত্তরমুখী হয়ে মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে সেটি এগোবে।

নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনায় সমুদ্রের পরিস্থিতির উপর নজর রাখছেন আবহবিদেরা। আপাতত মায়ানমার-বাংলাদেশ উপকূল সংলগ্ন পূর্ব-মধ্য এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত ওই এলাকায় সমুদ্রে না যাওয়ার সতর্কতা রয়েছে। সেখানে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার বেগ ৬৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছোতে পারে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ উপকূলীয় মায়ানমার এবং সংলগ্ন এলাকায় থাকা নিম্নচাপ অঞ্চলটি রবিবার বিকেলে আন্দামান সাগরে পৌঁছে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। সোমবারের মধ্যে সেটি আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে সরে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর উত্তর দিকে এগিয়ে দু’দিনের মধ্যে মায়ানমার-বাংলাদেশ উপকূল সংলগ্ন সমুদ্রে পৌঁছোতে পারে।

তবে এই নিম্নচাপের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার সম্ভাবনা আপাতত কম। ফলে এখনই রাজ্যে ফের নতুন করে ঝড়বৃষ্টি শুরু হওয়ার আশঙ্কা নেই। যদিও নিম্নচাপটি আগামী দিনে কোন দিকে এগোয় এবং কতটা শক্তি সঞ্চয় করে, তার উপরই পরবর্তী আবহাওয়ার পূর্বাভাস নির্ভর করবে। পশ্চিমবঙ্গের উপকূলের জন্য আপাতত কোনও সতর্কতা জারি করা হয়নি।

এর আগে পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে গত সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হয়েছিল। কলকাতাতেও টানা বৃষ্টি চলে। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছিল সেই গভীর নিম্নচাপ। উত্তাল ছিল সমুদ্রও। তবে শনিবার থেকে সেই নিম্নচাপের প্রভাব অনেকটাই কমে যায়। কমেছে বৃষ্টির দাপটও।

এদিকে, সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। তা স্বাভাবিকের তুলনায় ০.১ ডিগ্রি কম।


Share