Earthquake

ফের ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ফিলিপিন্স! তীব্রতা ছিল ৬.৪, এখনও পর্যন্ত নেই সুনামি সতর্কতা বা হতাহতের খবর

ভূমিকম্পের কেন্দ্র ছিল সারাঙ্গানি-দাভাও অক্সিডেন্টাল উপকূলের কাছে, বালুত দ্বীপ থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে। দাভাও সিটি, জেনারেল সান্তোস সিটি, কিয়াম্বা এবং গ্লান-সহ বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, ফিলিপিন্স
  • শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ০৭:৩০

ফের ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ফিলিপিন্সের মিন্ডানাও উপকূল। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা ৩৪ মিনিট নাগাদ রিখটার স্কেলে ৬.৪ মাত্রার শক্তিশালী কম্পন অনুভূত হয়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পটির উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ২৯ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের কেন্দ্র ছিল সারাঙ্গানি-দাভাও অক্সিডেন্টাল উপকূলের কাছে, বালুত দ্বীপ থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে। দাভাও সিটি, জেনারেল সান্তোস সিটি, কিয়াম্বা এবং গ্লান-সহ বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, বহুতল ভবনগুলি এতটাই দুলছিল যে দাঁড়িয়ে থাকাও কঠিন হয়ে পড়েছিল।

তবে এখনও পর্যন্ত কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। প্রাথমিক ভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতিরও কোনও খবর মেলেনি।

ভূতাত্ত্বিকদের একাংশের মতে, এটি নতুন কোনও ভূমিকম্প নয়, বরং গত ৮ জুন মিন্ডানাওয়ে আঘাত হানা ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের একটি শক্তিশালী আফটারশক হতে পারে। ওই ভূমিকম্পে অন্তত ৮২ জনের মৃত্যু হয়েছিল এবং এক ৩০০-রও বেশি মানুষ আহত হয়েছিলেন।


Share